রাজীবপুরে সপ্তাহে দুই দিন বসবে সীমান্ত হাট
কুড়িগ্রামের রাজীবপুরের সীমান্তে সপ্তাহে এক দিনের বদলে দুই দিন হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নির্ধারিত আইডি কার্ডের মাধ্যমে বাংলাদেশের ২৫ বিক্রেতা, ৬১৪ ক্রেতা ও ভারতের ৫০ বিক্রেতা, ৩৫৯ ক্রেতা পণ্য কেনাবেচা করতে পারবেন।
বুধবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারোহিলের কালাইয়েরচরের সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো- সীমান্ত হাটে নির্ধারিত আইডি কার্ডের মাধ্যমে বাংলাদেশের ২৫ বিক্রেতা, ৬১৪ ক্রেতা ও ভারতের ৫০ বিক্রেতা ও ৩৫৯ ক্রেতা পণ্য কেনাবেচার সুযোগ পাবেন, সপ্তাহে এক দিন থেকে বৃদ্ধি করে সোমবার ও বুধবার হাট বসবে। সকাল ১০টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টা পর্যন্ত হাটের সময়সীমা থাকবে, সীমান্ত হাটে এখন থেকে বাংলাদেশের উৎপাদিত ৭৯টি পণ্য ব্যবসায়ীরা বিক্রির সুযোগ পাবেন।
এছাড়া বিজিবি-বিএসএফের জন্য অস্থায়ী শেড নির্মাণ, বিক্রয়যোগ্য পণ্যের প্রকারভেদ বাড়ানো, হাট রক্ষণাবেক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, ৩৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ, কুড়িগ্রামের অতিরিক্ত এসপি মেনহাজুল আলম, রাজীবপুরের ইউএনও মেহেদী হাসান। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট গাড়ো হিলস আমপাতি জেলা ম্যাজিস্ট্রেট শ্রীরাম কুমার এস আই এস, এসপি রিতুরাজ রাভির নেতৃত্বে প্রতিনিধিদল।
কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন বলেন, রাজিবপুরের বালিয়ামারী সীমান্ত হাট নিয়ে অনেক দিন পর দুই দেশের যৌথ সভা হয়েছে। এ সভায় সীমান্ত হাটের সমস্যা দূর করতে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট যৌথ ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ